বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ কাঠ পাচার রোধে বন বিভাগের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ ৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ আনুমানিক বিকাল ৫:০০ ঘটিকার সময় পান বাজার বিট এলাকায় একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।
তৈন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এবং বন বিভাগের অভিজ্ঞ বিশেষ টহল দল ও স্টাফদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে পান বাজার বিটের আওতাধীন পূর্ব পালংপাড়া এলাকায় অবস্থিত ফাতেমা ইটভাটা (FBM) থেকে আনুমানিক ২০০০ (দুই হাজার) ঘনফুট অবৈধ জ্বালানি কাঠ জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত কাঠগুলো আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে বন বিভাগের পান বাজার বিট অফিসে নিয়ে আসা হয় এবং নিরাপদে সংরক্ষণ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, এসব কাঠ অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করা হয়েছিল।
এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বন বিভাগ সূত্রে আরও জানানো হয়, প্রাকৃতিক বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ ব্যবসা ও বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
বন বিভাগ সংশ্লিষ্ট সবাইকে বন আইন মেনে চলার পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক 













